‘জয় শ্রীরাম শুনে কারও গা জ্বলার কথা নয়’, মমতাকে খোঁচা চন্দ্র বসুর
কলকাতা: সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র বনাম রাজ্যের মধ্যে তরজা অব্যাহত। করোনা কালেও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অসহযোগিতা এবং তথ্য কারচুপির অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় সরকার। তবে বিভেদ ভুলে একই মঞ্চে উপস্থিত হলেন মোদী-মমতা। সৌজন্যে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী।
শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই অনুষ্ঠান পালনে হঠাৎই ছন্দপতন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মঞ্চে বক্তব্য দিতে উঠতেই উঠলো জয় শ্রীরাম স্লোগান। প্রতিবাদে বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। মমতার এই অবস্থানকে নিয়ে সমালোচনার সুরে বিঁধেছেন বিজেপি নেতা চন্দ্র বসু। তিনি বলেন, জয় শ্রীরাম শুনে কারও গা জ্বলার কথা নয়। নেতাজি সাম্যের জন্য লড়াই করেছিলেন। একতার প্রতীক নেতাজি। সমস্ত সম্প্রদায়ের মানুষদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি। তাই জয় হিন্দ আর জয় শ্রীরামে আমি কোনও পার্থক্য দেখছি না।
তাঁর মতে, জয় শ্রীরাম স্লোগান শুনে মুখ্যমন্ত্রীর এমন আচরণ করা উচিত হয়নি। আজ রাজনীতি করার দিন নয়। আজ উদযাপনের দিন। আজ আজাদ হিন্দ বাহিনীর শহিদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর দিন।
তবে সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগানের তীব্র বিরোধিতা করেছে বাম-কংগ্রেস। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে তৃণমূলও। ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে মেজাজ হারিয়ে মমতা বলেন, এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। এটা সরকারি অনুষ্ঠান। আমাকে আমন্ত্রণ জানিয়ে বেইজ্জত করা উচিত হয়নি। আমি আর একটি কথাও বলব না। তবে কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করায় প্রধানমন্ত্রী মোদীকে এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ, জয় বাংলা।


