Friday, April 10, 2026
দেশ

আরও দ্রুত দেশবাসীকে টিকা দিতে ৬৬ কোটি ভ্যাকসিন কিনছে কেন্দ্র

নয়াদিল্লি: করোনার সেকেন্ড কার্যত নাজেহাল হয়ে পড়েছিলো গোটা দেশ। সেই পরিস্থিতি সামলে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে আশঙ্কা করা তৃতীয় ঢেউয়ের। তার আগে চাই দেশজুড়ে গণটিকাকরণ। চিকিৎসকরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে গণ টিকাকরণের উপর বারবার জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সবাইকে টিকা দেওয়া হবে।

আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ৬৬ কোটি ভ্যাকসিন কিনছে কেন্দ্রীয় সরকার। আগামী আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যেই কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের মোট ৬৬ কোটি টিকার জোগান দিতে হবে সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেককে। এক্ষেত্রে ডোজপ্রতি কোভিশিল্ডের দাম হবে ২০৫ টাকা এবং কোভ্যাক্সিনের দাম হবে ডোজপ্রতি ২১৫ টাকা। ট্যাক্স-সহ দাম পড়বে যথাক্রমে ২১৫ টাকা ২৫ পয়সা এবং ২২৫ টাকা ৭৫ পয়সা।

এতদিন কেন্দ্রীয় সরকার ১৫০ টাকায় ভ্যাকসিন কিনতো। কিন্তু নয়া ভ্যাকসিন ক্রয় পলিসি অনুযায়ী টিকার দাম বাড়ছে। কিন্তু নতুন করে টিকার এই দাম বাড়ানোতেও সন্তুষ্ট নয় কোভ্যাক্সিন প্রস্তুতকারী ভারত বায়োটেক এবং কোভিশিল্ড প্রস্তুতকারী সিরাম ইনস্টিটিউট। তাঁদের দাবি, টিকার দাম ডোজপ্রতি অন্তত ২৫০ টাকা হওয়া উচিৎ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী, ১৮ বছরের ঊর্ধ্ব দেশজুড়ে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেশে উৎপাদিত ভ্যাকসিনের ৭৫ শতাংশ কিনছে কেন্দ্রীয় সরকার। বাকি ২৫ শতাংশ ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলির থেকে সরাসরি কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।