৭০টি বাঘ হত্যায় অভিযুক্ত ‘বাঘ হাবিব’ গ্রেফতার
বাগেরহাট: ২০ বছরে ৭০টি বাঘ হত্যা করেছিলেন চোরা শিকারি হাবিব তালুকদার ওরফে ‘বাঘ হাবিব’। তবে পুলিশ তাকে কিছুতেই পাকড়াও করতে পারছিলো না। তবে দীর্ঘ দু’দশকের চেষ্টায় এবার সাফল্য মিললো। মোস্ট ওয়ান্টেড চোরাশিকারিকে ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করল বাংলাদেশের শরণখোলা থানার পুলিশ।
বাংলাদেশের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে হাবিবকে। তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে বাঘ হাবিবের লুকিয়ে থাকায় খবর পান তদন্তকারীরা। গত ২৭ মে রাত আড়াইটে নাগাদ সোনাতলা গ্রামে হানা দেয় পুলিশ। একটি বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করা হয় তাকে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদিন জানান, গত ২০ বছর ধরে কমপক্ষে ৭০টি বাঘ হত্যার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। তার মোট ৯টি মামলা দায়ের করা রয়েছে। বাঘ হত্যার দায়ে ৩টি, হরিণ হত্যার দায়ে ৫টি ও বন অপরাধের দায়ে ১টি মামলা দায়ের রয়েছে। বাঘ হত্যার তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জয়নাল আবেদিন বলেন, হাবিব ধূর্ত প্রকৃতির। গত এক বছরে অন্তত চারবার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় হাবিবকে ধরার জন্যে। কিন্তু প্রতিবারই সে টের পেয়ে পালিয়ে যেত।
দীর্ঘ দু’দশক পর কুখ্যাত চোরা শিকারির গ্রেফতারিতে খুশি বন্যপ্রাণ রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত সদস্যরা। তাদের দাবি হাবিবকে কড়া শাস্তি দেওয়া হোক।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

