অভিষেককে ‘মালিক’ বলে সম্বোধন ‘কালীঘাটের কাকু’র; বললেন ‘ভাতটা তো ওঁর পয়সাতেই হয়’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘মালিক’ বলে সম্বোধন করলেন ‘কালীঘাটের কাকু’। বেহালার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্র বলেন, ‘আমার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরিটা উনি দিয়েছিলেন। ভাতটা তো অভিষেকেরর পয়সাতেই হয়’।
সুজয় ভদ্র বলেন, ‘জলের কারখানা রয়েছে একটা, লিপ্স অ্যান্ড বাউন্ড্স কোম্পানির সবটাই দেখি। ব্যবসা শুরু করেছিলাম ছোট করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা বললে ভুল হবে। আমি প্রথম দিন থেকেই রয়েছি। ছোট ছোট কাজ করতে করতে তৈরি করেছি এই জলের কারখানা।’
তিনি বলেন, ‘অনেক বড় কাজ করতাম একটা সময়। এখন আমার শরীর খারাপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারেন না একদমই। তাঁর নাম ভাঙিয়ে এখন আর চলি না। উনার নাম ভাঙলে কোটি কোটি টাকার কাজ হবে এখনও’।
সুজয় ভদ্র বলেন, ‘কোম্পানির বিরুদ্ধে সর্বপ্রথমে অভিযোগ এনেছিলেন গৌতম দেব। ৩০০ টি সেল কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আমরা মামলা করেছিলাম গৌতম দেবের বিরুদ্ধে। আইটি রিটার্ন থেকে জিএসটি সবই দেওয়া হত। সবই নিয়ম করে চলে। একটা বাচ্চা ছেলে নিজের জায়গা তৈরি করেছিল লড়াই করে। কিভাবে বিধানসভায় লড়েছে তা দেখার মত। সেই অভিষেককেই তো এখন টার্গেট করা হবে।’

