Wednesday, June 10, 2026
আন্তর্জাতিক

আর্থিক সংকট চরমে পাকিস্তানের, সহায়তায় আপত্তি জানালো IMF

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চরমে পৌঁছল পাকিস্তানের আর্থিক সংকট। এই পরিস্থিতি মোকাবিলা করতে পাকিস্তান হাত পেতেছিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে। তবে পাকিস্তানকে সাহায্য করতে আপত্তি জানলো আইএমএফ। যার ফলে সংকট আরও বাড়লো পাকিস্তানের।

জানা গেছে, আর্থিক সংকট থেকে মুক্তি পেতে আইএমএফ এর কাছে ১.১ বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল পাকিস্তান। এই ঋণের জন্য এখন পর্যন্ত বহুবার IMF-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান। ঋণের জন্য পাকিস্তানের সামনে বেশ কয়কটি শর্ত রেখেছে IMF।
আইএমএফ এর দেওয়া শর্তের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ঋণের বিনিময় দেওয়া শর্তগুলি কল্পনাতীত।

এদিকে, টানা ১০ দিন ধরে আইএমএফের প্রতিনিধিরা ইসলামাবাদে পাক প্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেন। তবে আইএমএফের তরফে এখনও কোনও সবুজ সংকেত মেলেনি।

আইএমএফ ঋণ না দিলে শুধু আর্থিক সঙ্কটই নয়, ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে পাকিস্তান। বর্তমানে ঋণের দায়ে ডুবে রয়েছে পাকিস্তান।

জানা গেছে, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে যাওয়া এড়াতে সাহায্যের প্রয়োজন তাদের। IMF-এর আগের শর্তগুলি পাকিস্তান পালন করেনি। আগে নেওয়া ঋণের একটিও এখন পর্যন্ত শোধ করেনি পাকিস্তান। যার ফলে ঋণ পেতে আরও সমস্যা হচ্ছে দেশটির।