Friday, April 10, 2026
দেশ

ইউরোপের ১৬টি দেশে ছাড়পত্র পেল ‘মেড ইন ইন্ডিয়া’ কোভিশিল্ড

পুণে: মারণ করোনাভাইরাস কার্যত থমকে দিয়েছিল গোটা বিশ্বকে। অতিমারি আবহে বিশ্বজুড়ে ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন সরবরাহ করেছে ভারত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনার ভ্যাকসিন উৎপাদনের দায়িত্ব পায় পুণের সিরাম ইনস্টিটিউট। ‘মেড ইন ইন্ডিয়া’ প্রস্তুত কোভিশিল্ড ইউরোপের ১৬টি দেশের স্বীকৃতি পেল।

সম্প্রতি কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের তরফে বলা হয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিন যাঁরা নিয়েছেন তাঁরা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন। ফ্রান্সের এই ঘোষণার পরে কোভিশিল্ডকে ছাড়পত্র দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৬ তে।

সিরাম কর্তা আদর পুনাওয়ালা (Adar Poonawalla) এই ছাড়পত্রের ঘটনায় উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে আদর পুনাওয়ালা বলেন, এটা নিঃসন্দেহে সুখবর। কোভিশিল্ড ভ্যাকসিন নিলে এবার ইউরোপের ১৬টি দেশে প্রবেশ করা যাবে। তবে ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও ইউরোপের এক এক দেশে এক একেকরকম বিধিনিষেধ মেনে চলতে হবে।


ইউরোপের যে ১৬টি দেশ কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে দেশগুলো হল- বেলজিয়াম, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, লাটাভিয়া, নেদারল্যান্ড, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, আইল্যান্ড, সুইজারল্যান্ড এবং ফ্রান্স।

উল্লেখ্য, প্রথমে কোভিশিল্ডের ছাড়পত্র না পাওয়ায় সমস্যায় পড়ছিলেন টিকাগ্রহীতারা। বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদের সামনে বড় বাধা হয়ে দাড়ায়। পাল্টা চাপ সৃষ্টি করে ভারত। ভারতের তরফেও জানানো হয়, ইউরোপীয় দেশগুলি থেকে ভারতে আসলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। অবশেষে ভারতের চাপের কাছে নতিস্বীকার করে ইউরোপিয়ান ইউনিয়ন। কোভিশিল্ডকে গ্রিন পাসের ছাড়পত্র দিল ইউরোপের ১৬টি দেশ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।